অসহায়দের মুখে হাসি,পাবনার বেড়ায় ১০ টাকায় ঈদ সামগ্রী বিতরন

ওসমান গনি, বেড়া প্রতিনিধি ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার বেড়া উপজেলার মোহনগঞ্জে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”। মাত্র ১০ টাকার বিনিময়ে অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের প্রয়োজনীয় সামগ্রী, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আয়োজিত “১০ টাকায় ঈদ বাজার” কর্মসূচির মাধ্যমে প্রায় ১০০+ অসহায় পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য অত্যন্ত স্বল্প মূল্যে পেয়ে খুশি সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: আজিম উদ্দিন সরদার, অন্যতম উপদেষ্টা মো: আমিনুল ইসলাম, মো: লাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: রাশেদ হোসেন ও মো: সাকিল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মো: নাঈম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির হোসেন রাজা, সাবেক অর্থ সম্পাদক মো: সাব্বির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাছিম হোসেন মধু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: আবদুল্লাহ আল- মামুন, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মো: নাঈম, সদস্য সরুজ, আতিক, নয়ন সহ অনেকে।

প্রধান উপদেষ্টা মো: আজিম উদ্দিন সরদার বলেন,
“২০২১ সাল থেকে আমরা মানবিক কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

অন্যদিকে উপদেষ্টা মো: আমিনুল ইসলাম বলেন,
“এই তরুণদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা নিজেরা ছাত্র হওয়া সত্ত্বেও এমন কাজ করছে—সমাজের বিত্তবানদের উচিত তাদের পাশে দাঁড়ানো।”

সংগঠনের প্রতিষ্ঠাতা মো: রাশেদ হোসেন বলেন,
“আমরা বিনামূল্যে কিছু দিচ্ছি না, বরং ১০ টাকার বিনিময়ে দিচ্ছি যাতে তারা মনে করে নিজের টাকায় কিনছে। এতে তাদের আত্মসম্মান বজায় থাকে এবং মনে শান্তি পায়।”

অন্যতম প্রতিষ্ঠাতা মো: সাকিল আহম্মেদ বলেন,
“বর্তমান বাজারে দ্রব্যমূল্য অনেক বেশি। এমন অবস্থায় মাত্র ১০ টাকায় ঈদের সামগ্রী দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতেও এই কার্যক্রম চালু রাখার চেষ্টা করবো।”

এই ভিন্নধর্মী উদ্যোগটি এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে এবং অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।