চাটমোহরে কোরবানী পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায়

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। বিশেষ করে কোরবানী পশুর হাটে সরকারি নিয়ম উপেক্ষা করে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায় করা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। যদিও বিক্রেতাদের কাছ থেকে খাজনা নেওয়ার নিয়ম নেই। কিন্তু ইজারাদার ও তাদের নিয়োজিত লোকজন জোর জবরদস্তি খাজনা আদায় করছেন। এ যেন চাঁদাবাজির মতো ঘটনা।
ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী পশুর হাটে নির্ধারিত যে খাজনা আদায় করার কথা, তা মানছেন না
ইজারাদার। কোন টোল চার্ট টাঙানো হয়নি হাটে। এ যেন মগের মুল্লুক।
রবিবার (২৪ মে) উপজেলার অমৃতকুন্ডা হাটে ও গত বুধবার চাটমোহর পৌরসভার নতুন পশুর হাটে ইজারাদার ইচ্ছেমতো খাজনা আদায় করছেন।
বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরা হলে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। সরকারি নির্দেশ অমান্য করে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করার বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।