ছেলের বিয়েতে যেতে পারবেন কিনা, অনিশ্চয়তায় ট্রাম্প

চলমান ইরান সংকটের কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রর বিয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) ওভাল অফিসে ট্রাম্প বলেন, তিনি ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে বর্তমান সময়টি তার জন্য অত্যন্ত খারাপ। কারণ হিসেবে তিনি ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক সংকটের কথা উল্লেখ করেন।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শেষে বাহামাসে দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে।

ছেলের বিয়েতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সে চায় আমি উপস্থিত থাকি। এটি খুবই ব্যক্তিগত ও পারিবারিক অনুষ্ঠান। কিন্তু আমি তাকে বলেছি, সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। সামনে ইরান সংকটসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।’

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে যে অচলাবস্থা চলছে, তার মধ্যে বিয়েতে গেলে সংবাদমাধ্যমের প্রতিক্রিয়াও বিবেচনায় রাখতে হচ্ছে। ট্রাম্পের ভাষায়, ‘আমি যাই বা না যাই দুই ক্ষেত্রেই সমালোচিত হব।’

এদিকে ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্পের জনপ্রিয়তায়ও প্রভাব পড়ছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাহামাসের একটি ছোট দ্বীপে আয়োজিত হতে যাওয়া বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘ডন জুনিয়র’ নামে পরিচিত ডনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (ম্যাগা) রাজনৈতিক এজেন্ডারও অন্যতম সক্রিয় সমর্থক।

তথ্যসূত্র: এনডিটিভি