গোলাপগঞ্জে যুবকের বিষপানে আত্মহত্যা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বিষপান করে মিনহাজ আহমদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২০ মে) সকালে গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতী এলাকায় এ ঘটনা ঘটে।
বিষ খেয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের আপন ভাই রাহেল আহমদ। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
নিহতের ভাই জানান, মিনহাজ জকিগঞ্জের ফুলতলির ছাব বাড়িতে কাজ করতেন। আজ সকালে তিনি গোলাপগঞ্জে বাড়িতেই বিষপান করেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন- আমি বিষয়টি এখনো অবগত নই। তবে খোঁজ নিচ্ছি।