আবদুর রহমান
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- সঠিক আক্বীদা ও আদর্শ লালন করা বর্তমান ফেতনা-ফাসাদের যুগে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে দুনিয়া ও আখিরাতে মুক্তির একমাত্র পথ। সঠিক আক্বীদা ছাড়া যেমন কোনো আমল কবুল হয় না, তেমনি সঠিক ইসলামী আদর্শ ছাড়া জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয় না। ইসলামে আক্বীদা হলো একটি ইমারতের ভিত্তির মতো। ভিত্তি দুর্বল হলে যেমন বহুতল ভবন ধসে পড়ে, তেমনি আক্বীদা বা বিশ্বাসে ভেজাল থাকলে জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হয়না বাতিল হয়ে যায়। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবন কেমন হবে, তার যে রূপরেখা আল্লাহ ও তাঁর রাসুল (সা.) দিয়েছেন, সেটাই হলো ইসলামী আদর্শ। অথচ আজ আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি কিংবা কুসংস্কারকে আদর্শ বানিয়ে নিয়েছি। বর্তমান যুগে চারিদিকে বিভ্রান্তি আর ফেতনার এই সময়ে নিজের ও পরিবারের ঈমান-আক্বীদা রক্ষা করে জীবন চালাতে হলে আমাদের কিছু বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। তা হলো- কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন, শিরক ও বিদআত থেকে দূরে থাকা, হালাল উপার্জন নিশ্চিত করা, হারামকে পরিত্যাগ করা, পরিবারকে দ্বীনি পরিবেশে গড়ে তোলা, সৎ সঙ্গ ও পরিবেশ নির্বাচন। বর্তমানে সোশ্যাল মিডিয়া, নাস্তিক্যবাদী চিন্তা এবং ভোগবাদী জীবন ব্যবস্থা আমাদের আক্বীদা ও চরিত্রকে গ্রাস করছে। এই স্রোতে ভেসে না গিয়ে আমাদের বুক চিতিয়ে দাঁড়াতে হবে।
১৬ মে শনিবার বাদ মাগরীব ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দীনিয়া মাদ্রাসার দাওরায়ে হাদীস, ইফতা ও তাফসীরের সবক অনুষ্ঠান এবং হযরত পীর ছাহেব কেবলার পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে যাত্র প্রাক্কালে দোয়া অনুষ্ঠানে ছাত্রদের নসীহত করতে গিয়ে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দীনিয়া মাদ্রাসার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা কাসিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী প্রমূখ।
