ইয়ানূর রহমান : অধ্যাপক ড. হোসেন আল মামুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। শনিবার (২ মে ২০২৬) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে যবিপ্রবির উপাচার্যের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি এ আবেদন করেন।
আবেদনে ড. হোসেন আল মামুন উল্লেখ করেন, তার পরিবার সিলেটে অবস্থান করায় সময় ব্যবস্থাপনায় সমন্বয় করা তার জন্য দুরূহ হয়ে পড়েছে। দূরবর্তী অবস্থানে থাকায় পরিবারের নিরাপত্তা ও অসুস্থতার বিষয়গুলো নিয়েও তিনি দুশ্চিন্তায় রয়েছেন। এসব কারণে তিনি ২ মে ২০২৬ দুপুর থেকে যবিপ্রবির কোষাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি নিয়ে ৩ মে ২০২৬ দুপুর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক পদে যোগদান করতে চান।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে অধ্যাপক ড. হোসেন আল মামুন স্বেচ্ছায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, “ড. হোসেন আল মামুনের অব্যাহতির বিষয়টি একটি রুটিন ওয়ার্ক। যেহেতু আমার মাধ্যমে তিনি আবেদনটি পাঠিয়েছেন, আমি তার চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করেছি।”
উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন আল মামুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি ২০২৫ সালের ১৬ জানুয়ারি যবিপ্রবিতে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।#
