মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে মোহাম্মদ নওশের প্রামাণিক( ৬৫) এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার(২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কান খোলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত নওশের প্রামানিক উপজেলা মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায় মঙ্গলবার দুপুরে নিহত নওশের অটোভ্যান নিয়ে আটঘরিয়া থেকে চাটমোহরে ফিরছিলেন। পথিমধ্যে কানখোলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং ঢাকা মেট্টো-২৪৩৮-৭৯) অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে নওশের ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। কেউ কোন অভিযোগ এখনো দেয় নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
