ওসমান গনি,বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার বেড়া পৌর এলাকার ১নং ওয়ার্ড বৃশালিকা ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।
সোমবার দুপুরে কয়েক ঘন্টা ব্যাপী মাইকিং করে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি-সোটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে । এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়ার হুড়াসাগর নদীর তীরবর্তী বৃশালিখা ঘাট আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করলেও গতবছর ৫ আগস্টের পর বিএনপির একাংশকে সাথে নিয়ে তারা তা ধরে রাখে। পরে বিএনপি নেতার নেতৃত্বে আরেকটি গ্রুপ ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। গোলাগুলিতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজ গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির কিছু লোকের সংঘর্ষ হয়েছে। কারা চাঁদাবাজি করছে তা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করছি না। ঘটনার বিষয়ে বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ দুই পক্ষই জড়িত। ব্যাপক গোলাগুলি হয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।#
