ইকোপার্ক এলাকায় টিলা কর্তনের দায়ে টিলার মালিক-কে জরিমানা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাহাড়ী ইকোপার্ক এলাকায় অবৈধভাবে টিলা কর্তনের দায়ে টিলার মালিক-মোঃ শাহালমকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেছেন। ২৪ জুলাই (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার ও উপজেলা ভূমি অফিস এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সরাসরি টিলা কর্তনের প্রমাণ পান এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আললাম সারোয়ার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। মোঃ রিয়াজুল ইসলাম বলেন- সোনাপুর, কালেঙ্গা ও জগন্নাথপুর এলাকাটি পাহাড়ী এলাকা হওয়ায় এখানে প্রত্যেকটি এলাকায় কমবেশি পাহাড় ও টিলা কর্তন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।