সঞ্জু রায়, বগুড়া:
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাড়িতে পৌছেছে। স্বজনেরা তার মরদেহ নিয়ে বাড়িতে ফিরলে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বাড়ির উঠানে দাদার কবরের পাশে প্রস্তুত করা হয়েছে সাহেদের কবর। বিকেল পাঁচটায় স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।
সকালে সাহেদের মরদেহ আনতে যান সাহেদের মা ও তার স্ত্রী কাকলী বেগমসহ স্বজনরা। সাহেদের ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর দুপুরের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। এতে অন্যদের সঙ্গে নিহত হন সাহেদ। মাসুম বলেন, শুক্রবার সকালে ঢাকায় পৌছানোর পর তারা সাহেদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। দুপুর আড়াইটার দিকে মরদেহ বাড়িতে পৌছায়। পরে স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বাড়ির উঠানে দাদার কবরের পাশে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
সাহেদকে হারিয়ে শোকস্তব্ধ তার পরিবার ও স্বজনেরা। প্রিয়জনের এমন মর্মান্তিক বিদায় মেনে নিতে পারছেন না কেউ। বাড়ির উঠানে দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাহেদ। রেখে যাচ্ছেন স্ত্রী ও দুই সন্তানকে যাদের সামনে এখন প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি অনিশ্চিত ভবিষ্যতের কঠিন বাস্তবতা।
