সবশেষ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। টাইব্রেকারে অ্যাতলেটিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে রিয়াল। এমন জয়ের পর বুনো উল্লাসে মাতেন রিয়ালের ফুটবলাররা।
কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সেই বুনো উল্লাসে যোগ দেন অ্যান্টোনি রুডিগার ও দানি সেবায়োস। তাদের সেই উদযাপন ভালোভাবে নেননি রেফারি। ফলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন রিয়ালের এই চার তারকা।
সেই ম্যাচের বুনো উদযাপনের জন্য শাস্তি পেয়েছেন রিয়ালের তিন তারকা–রুডিগার, সেবায়োস ও এমবাপ্পে। এসইআর জানিয়েছে, রিয়ালের এই তিন তারকাকে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো (৪৩ লাখ টাকা), রুডিগারকে ৪০ হাজার ইউরো (৫৭ লাখ ৩৭ হাজার টাকা) ও সেবায়োসকে ২০ হাজার ইউরো (২৮ লাখ ৬৯ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। তবে শাস্তি থেকে বেঁচে গেছেন ভিনিসিয়ুস।
রুডিগারের নেওয়া স্পটকিকে রিয়ালের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়রা নিজেদের সমর্থকদের দিকে ছুটে যান। এ সময় অ্যাতলেটিকোর সমর্থকরা তাদের উদ্দেশ করে নানা রকম দ্রব্য ছুড়তে থাকে। এতে রিয়ালের খেলোয়াড়দের বিরুদ্ধে মাঠের দর্শকদের উত্তেজিত করে তোলার অভিযোগ আনা হয়। অন্যদিকে রিয়াল অভিযোগ জানায়, অ্যাতলেটিকো সমর্থকরা তাদের খেলোয়াড়দের প্রতি আক্রমণাত্মক ছিল এবং স্ট্যান্ড থেকে মিসাইল ছুড়েছে।
তবে, রিয়ালের ১৫ ট্রফি ও অ্যাতলেটিকোর একটিও নেই এমন ইঙ্গিত দেখিয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তার প্রতিক্রিয়া সতর্ক করার মতো আগ্রাসী ছিল না বলে মত উয়েফার।
রুডিগার, এমবাপ্পে ও সেবায়োসকে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞাও দিয়েছে উয়েফা। যার অর্থ তারা একই ধরণের কাজ পুনরায় করলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর বাইরে এক সমর্থক নাৎসি স্যালুট দেওয়ায় রিয়ালকে সতর্ক করে ১৫ হাজার ইউরো (২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করেছে। একই ধরণের ঘটনা পুনর্বার ঘটলে রিয়ালকে উয়েফার প্রতিযোগিতায় টিকিট বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
