মশাহিদ আহমদ, মৌলভীবাজার : বৈধ লাইসেন্স ছাড়া মৌলভীবাজারে কোনো হোটেল-রিসোর্ট পরিচালনা করা যাবে না। যেসব হোটেল-রিসোর্টের বৈধ লাইসেন্স নেই, সেসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে পর্যটকদের জন্য সেবার মান আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, পর্যটন খাতের উন্নয়নে হোটেল-রিসোর্টগুলোর নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সেবার মান নিশ্চিত করা জরুরি। পর্যটকরা যেন নিরাপদ ও মানসম্মত পরিবেশে অবস্থান করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সঞ্চালনা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপির রাজনৈতিক উপদেষ্টা ফখরুল ইসলাম এবং মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন। মতবিনিময় সভায় জেলার হোটেল-মোটেলগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলার হোটেল-মোটেল মালিকরা উপস্থিত ছিলেন।
