এবাদত আলী
আমি একসময় সরকারি চাকরি করতাম। আমার এক সহকর্মী কথায় কথায় প্রায়ই বলতেন ‘ বাঁশ তুমি ঝাড়ে কেন।’ বাঁশ দেওয়া বা বাঁশ খাওয়া কোনটাই আমার অভিপ্রায় নয়। আঁইক্যা ওয়ালা অছোলা বা ছোলা বাঁশ কাউকে দেওয়া বা হাতে হারিকেন-পাছায় বাঁশ দেবো বলে এ লেখাটি লিখছি তাও কিন্তু নয়। বাঁশের চেয়ে কঞ্চি বড় এমন কোন ঘটনাও ঘটেনি। তবে বাঁশ জাতীয় উদ্ভিদ যে আমাদের মানবজীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে তা নিয়েই কিছুটা আলোকপাত করছি। মানুষের জীবনে বাঁশের বহবিধ ব্যবহার লক্ষনীয়। বাঙালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের ব্যবহার যেন সৃষ্টির মেলবন্ধন। বলতে গেলে চল্লিশের দশকেও শিশু ভুমিষ্ঠ হবার পর বাঁশের চোঁচ বা ছাচি দিয়ে ফুলের নাড়ি কেটে মা থেকে সন্তানকে আলাদা করা হতো।
বাঁশ ঘাস জাতীয় গোত্রভুক্ত উদ্ভিদ। দেখতে গাছের মত মনে হলেও এটি মূলত পৃথিবীর সবচেয় বড় ও দ্রুত বর্ধনশীল কাষ্ঠল চিরহরিৎ ঘাস। এটি এত দ্রুত বাড়ে যে কোনো প্রজাতির বাঁশ ২৪ ঘন্টার মধ্যে প্রায় ছত্রিশ ইঞ্চি পরিমাণ লম্বা হতে পারে। বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায়। এই গুচ্ছকে বাঁশ ঝাড় বলা হয়। জানা গেছে বিশে^ প্রায় ১ হাজার ৫০০ প্রজাতির বাঁশ রয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০ প্রজাতীর বাঁশ রয়েছে। এগুলোর মধ্যে বড় বাঁশা, মুলি বাঁশ,বোরাক বাঁশ ( বরুয়া বাঁশ), মিতলা বাঁশ,মাকলা বাঁশ, করজবা বাঁশ, তালাই বাঁশ উল্লেখযোগ্য। বাঁশ প্রচুর পরিমানে অক্সিজেন উৎপাদন করে, কার্বনডাই-অক্সাইড শোষন করে। বাঁশঝাড়ের আশপাশের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সাহায্য করে। এছাড়া মাটি ক্ষয় ও পাহাড় ধ্বস রোধ করে।
পৃথিবীর বুকে আদিকাল থেকেই বাঁশের ব্যবহার শুরু হয়। আজ থেকে প্রায় ৭ হাজার বছর আগে নব্য প্রস্তর যুগে বাঁশের বহুমুখী ব্যবহার শুরু হয়েছিলো। প্রাচীন এশিয়ায় বিশেষ করে চীনে এর ব্যবহার শুরু হয়। প্রাচীন চীনে প্রথম বাঁশ ব্যবহার করে মাচান বা গাছের ওপর ঘর তৈরির প্রচলন শুরু হয়। প্রায় একই সময়ে দক্ষিন আমেরিকার ইকুয়েডরেও বাঁশ দিয়ে ঘরবাড়ি তৈরির চল শুরু হয়েছিলো। ব্রোঞ্জ বা লোহার আবিষ্কারের আগে প্রাচীন মানুষ শিকার এবং আত্মরক্ষার জন্য বাঁশের তৈরি ধনুক, তীর ও বল্লম ব্যবহার করতো। প্রতœতাত্বিক তথ্য অনুযায়ী চীনের ‘ হেমুদু সংস্কৃতির অববাহিকায় বাঁশের তৈরি মাদুর ও ঝুড়ির প্রচীনতম প্রমাণ পাওয়া যায়। কাগজের আবিষ্কারের আগে চীনে বাঁশের চিকন ফালি বা চটা তৈরি করে তার ওপর লেখার প্রচলন ছিলো যা বাঁশের স্লিপ নামে পরিচিত। ১০৫ খ্রিষ্টাব্দে চীনের কাইলুন বাঁশের মন্ড থেকে বিশে^র প্রথম টিস্যু পেপার বা কাগজ তৈরি করেন। চীনের বিখ্যাত দুজিয়ানইয়ান সেচ প্রকল্পে নদী নিয়ন্ত্রণে পাথরভর্তি বাঁশের খাঁচা ব্যবহার করা হয়। বিজ্ঞানী টমাস আলভা এডিশন ১৮৭৮ সালে তার প্রথম বানিজ্যিকভাবে সফল বৈদ্যুতিক আলোর বাল্বে ফিলামেন্ট হিসেবে কার্বনাইজড বাঁশের আঁশ ব্যবহার করেছিলেন। ১৮৯৪ সালে ইংল্যান্ডে বাঁশের তৈরি সাইকেলের পেটেন্ট করা হয়। বর্তদানে পরিবেশবান্ধব বা গ্রিন গ্যোল্ড হিসেবে বাঁশ দিয়ে কাপড়, ফাইবার, আধুনিক ফেøারিং ইত্যাদি তৈরি হয়। মাদুর, চাটাই, হাতপাখা, ঝুড়ি, ধানের ডোল, কুলা, চালন, ডালা, ফলা, জুত, কুচ ও টেঁটার ছড়, ঘর-বাড়ি নির্মাণ, খাট-পালঙ্ক, আরামদায়ক বিছানা, মুর্তি ও ভাস্কর্য তৈরি করা হয়ে থাকে। বাঁশ দিয়ে তৈরি এসব পন্য দেশে বিদেশে সমাদৃত। অতীতে গ্রামবাংলায় বাঁশ দিয়ে হাল বাওয়ার সরঞ্জামাদি এবং গরু-মহিষের গাড়ির ছৈ-টাপর তৈরির প্রচলন ছিলো। এদেশে মাছ ধরার জন্য বাঁশের ছিপ এবং বাসন, হোচা ইত্যাদির প্রচলন এখনো বিদ্যমান।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঁশ দ্বারা নির্মিত বাঁশের কেল্লা একটি ঐতিহাসিক ঘটনা। বাঙ্গালা আমিরাতের বাদশা সৈয়দ নিসার আহম্মদ তিতুমীর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে লড়াইয়ের সময় ১৮৩১ সালে বেঙ্গল পেসিডেন্সির চব্বিশপরগনা জেলার বাদুড়িয়া থানার নারিকেলবাড়িয়া গ্রামে বাঁশ দ্বারা একটি বাঁশের কেল্লা তৈরি করেন। এটা ছিলো তার সামরিক কেন্দ্র। যেখানে অস্ত্র মজুত রাখা হতো এবং সেনাদের প্রশিক্ষণ প্রদান করা হতো। কিন্তু এবছরই ১৪ নভেম্বর বারাসত বিদ্রো চলাকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী নারিকেল বাড়িয়া আক্রমণ করে এবং এবং তিুমীরের পরাজয়ের পর বাঁশের কেল্লাটি ধ্বংস করে দেয়।
শুনে অবাক হতে হবে যে, বাঁশ মানুষের জন্য পুষ্টিও জোগায়। খাদ্যগুন ও স্বাদের কারণে চীন, থাইল্যান্ড ও মিয়ানমারে বাঁশ ভেজিটেবল হিসেবে বেশ সমাদৃত। বাঁশ দ্বারা তৈরি ভবন অতি ভুমিকম্পপ্রবণ সহনশীল বলে প্রমাণিত হয়েছে। আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে বাঁশ হতে খুবই শক্তিশালী ও উন্নতমানের রড তৈরি করছে জাপানিরা। তারা বাঁশের তৈরি রড ব্যবহার করে ভূমিকস্পনপ্রবন এলাকায় ঘরবাড়ি তৈরি করছে। আমাদের দেশে বাঁশ নিয়ে প্রাচীন প্রবাদ এখনো চালু রয়েছে, ‘ কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস’। বাঁশের চেয়ে কঞ্চি মোটা, বাঁশ দেওয়া, বাঁশ খাওয়া, হাতে হারিকেন-পাছায় বাঁশ ইত্যাদি। হাতে হারিকেন না দিয়েও বাঁশ দেওয়ার রেওয়াজ এখনো চালু আছে। গাইবন্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় নির্মাণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাঁচতলা ভবনের কংক্রিট ভেঙে রডের বদলে বাঁশের অস্তিত্ব বেরিয়ে আসে। সিলেট- আখাউড়া রেল পথের কুলাউড়া উপজেলার ২০৬ নম্বর মনু রেলসেতুর নষ্ট হওয়া স্লিপারের সংস্কার কাজে লাগানো হয়েছে বাঁশ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার মরাগাঙ্গী নদীর ওপর সেতু নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইউনুস আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রইিজের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয় প্রশাসন এলজিইডি এবং দুর্নীতিদমন কমিশন (দুদক) অভিযান চালায়। সংশ্লিষ্ট প্রকৌশলীকে বরখাস্ত এবং ঠিকাদারী পক্ষের লোকজনকে গ্রেপ্তার করে। সে যাই হোক আমাদের মানব জীবন কোনভাবেই বাঁশ মুক্ত নয়। একথা বল্লে অতুক্তি হবেনা যে, বাঁশ আমাদের শেষ সঙ্গি। মৃত্যুর পরে কবরে বাঁশকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। (লেখক: সাংবাদিক ও কলামিস্ট)।
,
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব
ও সদস্য পাবনা প্রেসক্লাব।
