বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধায় ওই নারীকে পুশইন করতে পারে নি বিএসএফ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর সীমান্তে এঘটনা ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী শুন্য রেখায় অবস্থান করছেন।
জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮ টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন।
বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ার পর সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।
