হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ছয় জুয়াড়ি ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা এবং ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভেষশীর বিল এলাকায় মো. আব্দুস সোবহানের পুকুরপাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের মো. মোনারুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, পরিমল চন্দ্র দাস, মো. লাল মিয়া মিস্ত্রী, মো. নুর আলম ও মো. নান্নু মিয়া।
অন্যদিকে, একই রাতে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া দালালপাড়া গ্রামে মো. মশিউর রহমানের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. দুলা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ সময় তাঁর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যরা পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
