ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক জেবুন্নেছা হক কহিনূর এবং সাংবাদিক গোলাম রব্বানী-টিটুসহ অন্যান্যরা।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।’
বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও আল-আমীন কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।