ভাঙ্গুড়ায় পানশী নৌকাবাইচে লাখো মানুষের ঢল : গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতোয়ারা জনপদ

বিশেষ প্রতিনিধি পাবনা : গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীর বুকে অনুষ্ঠিত হয়েছে ‘প্রভাষক জাফর ইকবাল হিরো পানশী নৌকাবাইচ উৎসব–২০২৬’। ১০ ও ১১ অক্টোবর উপজেলার নৌবাড়িয়া এলাকায় আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসব ঘিরে নদীর দুই তীরে নামে লাখো মানুষের ঢল। ঢাকঢোলের বাদ্য আর বৈঠার ছন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো জনপদ।
শনিবার ও রোববার নদীতে সারিবদ্ধ পানশী নৌকার প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে আসেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। নৌকার গতি ও প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের উল্লাসে মুখরিত হয় নদীপাড়। উৎসবটি পরিণত হয় মানুষের মিলনমেলায়।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন রাজু। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম।
অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আজমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার, তৃতীয় পুরস্কার ৩০ হাজার এবং চতুর্থ পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ঘোষণা করেন আয়োজকেরা। অংশগ্রহণকারী নৌকার জন্যও রাখা হয় আকর্ষণীয় উপহার।
আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর নৌকাবাইচের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় দর্শনার্থীরা জানান, নৌকাবাইচ শুধু বিনোদন নয়, এটি বাংলার নদীমাতৃক সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বাড়বে।
উল্লেখ্য, ‘পানশী নৌকাবাইচ উৎসব–২০২৬, সিজন-১’ ঘিরে গুমানি নদীর তীরে মানুষের ব্যাপক সমাগম স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।