আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

কন্যাশিশুদের অধিকার সুরক্ষার বার্তা নিয়ে আজ ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। ২০১২ সালে যাত্রা শুরু করা এই দিবসটি আজ বিশ্বব্যাপী কন্যাদের এগিয়ে যাওয়ার অন্যতম অনুপ্রেরণা। প্রতি বছরের মতো এবারও তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দেশে দেশে সভা, সেমিনারসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। অর্থাৎ, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।
প্রতিপাদ্যটির তাৎপর্য এখানেই যে, কন্যাশিশুর সুরক্ষাকে শুধু ক্ষতিকর একটি প্রথা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, নেতৃত্ব এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে একই আলোচনার অংশ করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে কন্যাশিশু দিবস পালনের মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।
২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।