ইয়ানূর রহমান : যশোরের শার্শার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় রিপন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটের সামনে থেকে রিপনকে আটক করা হয়। তিনি বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসনোটে অভিযানের তথ্য জানানো হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, যশোরের একজন দক্ষ জুয়েলারি কারিগর দিয়ে পরীক্ষা করে বারগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। রিপনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
