বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রেপ্তার হওয়া পিতা ও তিন ছেলের পুরাতন ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে গুজব ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ব্যক্তিরাসহ স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনকালে অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম হোসেন পাটোয়ারী, জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম, ভ‚ক্তভোগী দুই ভাই বিএনপি কর্মী হায়দার আলী ও জামায়াত কর্মী রুহুল আমিন ও সমাজসেবক আব্দুল মালেক বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৫ সালের ২৮ জুলাই উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলায় জমির মালিক মুজিবুর রহমান (৬৫) ও তার তিন ছেলে যথাক্রমে জোয়াড়ী ইউনিয়নের তিন নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন (৪৮), বিএনপি কর্মী হায়দার আলী (৪৫) ও জামায়াত কর্মী আজিম উদ্দিন (৪০) কে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের গ্রেপ্তারের বিষয়ে যুগান্তরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ হয়। কিন্তু এক বছর পর সেই ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ওই ফটোকার্ডটি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তার শত শত অনুসারীরা শেয়ার করে জাতিকে বিভ্রান্ত করেছেন বলে তারা দাবি করেন।
ওই পোস্টের তথ্য সম্প‚র্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী দুই ভাই রুহুল আমিন ও হায়দার আলী বলেন, ‘এটা প্রায় ১৩ মাস আগের ছবি। আর আমরা যদি ঢাকার কমলাপুরে ককটেলসহ গ্রেপ্তার হয়ে থাকি, তাহলে এখন আহম্মেদপুরে দাঁড়িয়ে মানববন্ধন করছি কীভাবে?’ তারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্ত করে গুজব রটানোর অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহŸান জানান।
