শেরপুরে পাখি শিকার বন্ধের অভিযানে শিকারিকে ৭দিনের কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরে পাখি শিকার বন্ধে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন। বুধবার (২৩সেপ্টেম্বর) ভোর থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাখি শিকারের আটটি সরঞ্জাম ও ১২টি বক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। পাশাপাশি পাখি শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযানের সময় নকলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তিনটি বক ও পাখি শিকারের সরঞ্জামসহ মো. আব্দুর রাজ্জাককে (৪৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন নকলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।