ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতার অভিযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলতাফ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পথসভায় জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা বক্তব্য দেন।
পথসভায় সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি দাবি করেন, আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। নিষিদ্ধ সংগঠন আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “আমরা পুলিশের গুলির মুখে আন্দোলন করে এবং মানুষের ভালোবাসায় এই ক্ষমতায় এসেছি। আমরা ভোট চুরি করে ক্ষমতায় আসিনি। বিগত দিনেও রাজপথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।”
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল বলে তারা মনে করেন। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে বলেও তিনি দাবি করেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে জাহাঙ্গীর আলম বলেন, “আপনাদের পাখা গজিয়েছে। বিগত ১৭ বছর আপনারা কোথায় ছিলেন, আপনাদের তো আমরা রাজপথে পাইনি।”
তিনি আরও দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুম, নির্যাতন ও প্রাণহানির শিকার হয়েছেন। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, এ জে মনন, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ জেলা ও বিভিন্ন উপজেলা-পৌর ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।#