যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ভ্যানচালকের লাশ

ইয়ানূর রহমান : যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ঝিকরগাছার কপোতাক্ষ নদ অংশ থেকে একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত একলাস হোসেন চৌগাছার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ হন একলাস হোসেন। পরদিন ২০ সেপ্টেম্বর তার পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মঙ্গলবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দুরে ঝিকরগাছার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করলে স্বজনরা একলাস হোসেনের বলে শনাক্ত করেন।

পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের ধারণা ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, লাশিট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।#