ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা, উৎপাদন কার্যকারিতা এবং কারিগরি তথ্য বিশ্লেষণ আরও কার্যকর ও সুসংগঠিত করতে কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা ব্যবস্থা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাশিয়ার রোসেনেরগোঅ্যাটমের বাংলাদেশ শাখার পরিচালক সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ। সভাপতিত্ব করেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান। স্বাগত বক্তব্য দেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. ইয়ামিন আলী।
সভাপতির বক্তব্যে ড. জাহেদুল হাছান বলেন, আধুনিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা ও উৎপাদন কার্যকারিতা বিভিন্ন কারিগরি, পরিচালনাগত ও অর্থনৈতিক সূচকের সঙ্গে সম্পর্কিত। বিভিন্ন সিস্টেম, ইকুইপমেন্ট ও অপারেশনাল প্যারামিটারের পরিবর্তন বিদ্যুৎ উৎপাদন ও ইউনিটের সামগ্রিক কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা ও বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে অপারেশনাল প্যারামিটার এবং সিস্টেম ও ইকুইপমেন্টের পরিবর্তন বিদ্যুৎ উৎপাদন ও ইউনিটের কর্মক্ষমতায় কী প্রভাব ফেলছে, তা তথ্যভিত্তিকভাবে মূল্যায়ন করা যাবে।
তিনি আরও বলেন, একটি উৎপাদন ইউনিটের বিভিন্ন সিস্টেম ও প্যারামিটারের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তাই কোনো একটি সিস্টেম বা প্যারামিটারের পরিবর্তন সংশ্লিষ্ট অন্যান্য ব্যবস্থা ও সামগ্রিক উৎপাদন কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। এসব প্রভাব সঠিকভাবে মূল্যায়নে সূচকসমূহের নিয়মিত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ।
ড. মোঃ জাহেদুল হাছান আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলী ও কর্মকর্তারা বিদ্যুৎ উৎপাদন ইউনিটের কর্মক্ষমতা, অপারেশনাল অবস্থা এবং কারিগরি ও অর্থনৈতিক সূচকের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন। এ দক্ষতা ভবিষ্যতে তথ্য বিশ্লেষণ, উৎপাদন কার্যকারিতা মূল্যায়ন, প্রতিবেদন প্রণয়ন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
প্রধান অতিথি সিনিয়াকভ ভাদিম ভ্লাদিমিরোভিচ প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং তা কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট দিমিত্রি কজলভ, ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট মোঃ গোলাম শাহিনুর ইসলাম, ডেপুটি ডিরেক্টর মুশফিকা আহমেদ, ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট মোঃ ওয়াজিহুর রহমান, ডেপুটি চিফ সুপারিন্টেন্ডেন্ট মোঃ মিজানুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার ইরতিয়াজ মাহমুদ এবং ব্যবস্থাপক মোঃ সোলায়মানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোডাকশন অ্যান্ড টেকনিক্যাল ডিপার্টমেন্টের (পিটিডি) প্রধান রাজু আহম্মেদ।
বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মক্ষমতা পর্যবেক্ষণ, কারিগরি তথ্য বিশ্লেষণ ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি প্রকৌশলী ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রধান অতিথি ও সভাপতি আনুষ্ঠানিকভাবে কারিগরি ও অর্থনৈতিক সূচকসমূহ গণনা ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
