জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার

কামরুল হাসান : *বগুড়া:* প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ৫৪৮ জন ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা এতে অংশ নেয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় শিক্ষার্থীরা ‘শুভ শুভ শুভদিন, জাইমা রহমানের জন্মদিন’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “সাত শতাধিক মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছিলাম, এর মধ্যে ৫৪৮ জন ছাত্রী অংশ নিয়েছিল। ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের ওই ৫৪৮ জন ছাত্রীকে আজ বাইসাইকেল উপহার দিচ্ছি।”

এছাড়া অনুষ্ঠানস্থলের স্কুলসহ প্রায় এক হাজার শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সম্বলিত মগ উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই স্কুল মাঠেই সাইকেল চালিয়ে আনন্দ প্রকাশ করে।