সুন্দরগঞ্জে পশু জবাই ও আইন বিষয়ে কসাইদের সচেতনতামূলক মতবিনিময়

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কসাইদের নিয়ে পশু রোগ আইন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাহারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মুহাম্মদ একরামুল হক, ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, মো. শামছুল হুদা সরকার, মো. মোকলেছুর রহমান মণ্ডল, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং কসাই ফাইম মণ্ডলসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক প্রজেক্টরের মাধ্যমে পশুর বিভিন্ন রোগ-বালাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন।

সভায় উপজেলার বিভিন্ন এলাকার কসাইরা অংশ নেন। এ সময় পশু জবাইয়ের নিয়ম-কানুন, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ, মাংস সংরক্ষণ ও নিরাপদ মাংস উৎপাদন, কসাইখানার বিভিন্ন সমস্যা এবং পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করে সনদ সংগ্রহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, রোগাক্রান্ত পশু জবাই করে সেই মাংস বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই পশু জবাইয়ের আগে অবশ্যই প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার কসাইরা উপস্থিত ছিলেন।