পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা: পাবনায় পানিসম্পদ মন্ত্রী

​ওসমান গনি বেড়া , পাবনা প্রতিনিধি:
উত্তর ও দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন “পদ্মা ব্যারেজ” প্রকল্প বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। পাবনার সুজানগরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।
​রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার বেড়া ও সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প স্থান সরাসরি পরিদর্শন শেষে মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই তথ্য জানান।
​পরিদর্শনকালে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এটি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী—অর্থাৎ প্রায় সাত কোটি মানুষ এর সরাসরি সুফল পাবেন।
​কৃষি ও অর্থনীতিতে আমূল পরিবর্তনের আশা:
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং কৃষিভূমিতে সেচ সুবিধা ব্যাপক আকারে বাড়বে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া ব্যারেজটিকে ঘিরে জলবিদ্যুৎ উৎপাদন, নৌ-যোগাযোগের উন্নয়ন, মৎস্যসম্পদের বিকাশ এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি হবে।
​
এর আগে সকালে সুজানগরে মন্ত্রীবর্গের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘৬৯, পাবনা-২’ আসনের পক্ষ থেকে পানির সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সুজানগরের বিভিন্ন সড়কে সুসজ্জিত ব্যানার ও ফেস্টুনসহ সমবেত হন হাজারো সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা অতিথিদের ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।
​
প্রকল্প স্থান পরিদর্শন ও পথসভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি), পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশরাফসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
​পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের নদীর স্বাভাবিক নাব্য ও ভারসাম্য রক্ষার পাশাপাশি খরা ও সেচ সমস্যা পুরোপুরি দূর হবে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দ্রুততম সময়ের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ বাস্তবায়নের আহ্বান জানান।