সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের দাফন সম্পন্ন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা জোহরা বেগমের (৮৬) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জোহরা বেগম রামভদ্র গ্রামের মৃত আহম্মদ সরদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরঙ্গনা জোহরা বেগমের ভাই জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব পদমর্যাদা) মো. আমিনুল ইসলাম, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সবুর, সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হওয়ায় স্থানীয়ভাবে শোক ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি হয়।