হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, রামজীবন খংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, খানাবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মো. ইয়াকুব আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
এর আগে উপজেলার বিভিন্ন ভেন্যুতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল, সনদ ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে তাদের আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
