ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী রেলওয়ে থানার একটি দল। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিমের আউটার অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের কোচ নম্বর ৮৯৩০-এর ‘ড’ বগির পশ্চিম পাশের করিডোরে রুবেলকে তল্লাশি করা হয়।
পাকশি রেলওয়ে জেলা পুলিশ জানায়,এ সময় তাঁর পিঠে ঝোলানো ব্যাগের ভেতর পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জিন্নাহনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মজনু ওরফে ভোদর এবং মায়ের নাম মোসা. জুলেখা।
পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের দিকনির্দেশনা ও রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলা গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
