মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীর মারপিটে আহত আব্দুল বারেক ওরফে বাকি (৪০) নামের এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আব্দুল বারেক বাকি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। গত ২৯ আগস্ট শনিবার সকালে মারপিটের ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার আব্দুল বারেকের একটি ছাগল বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে প্রতিবেশী জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি এতে বাধা দেন। এনিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রবিউল ইসলামের ছেলে ওয়াসিম ও স্ত্রী রেশমা এসে বাকিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে রেশমা মোটা বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বারেক বাকি। গতকাল বৃহস্পতিবার নিহত ব্যক্তির লাশ বাড়িতে আসার পর হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পালিয়ে যায় অভিযুক্ত রবি ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো.অলিউর রহমান জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
