অপূর্ব লাল সরকার , আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় একটি শীতলা ও কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির সত্যতা পেয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার সার্বজনীন শীতলা ও কালী মন্দিরের দরজার রড ভেঙ্গে ভিতরে ঢুকে পিতলের তৈরি পূজার বিভিন্ন উপকরণ নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় মিলন দত্ত জানান, গতকাল সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের দরজার রড ও ভিতরে স্টীলের ট্রাঙ্ক ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে। পরে আমি আশপাশের সবাইকে জানাই। মন্দিরের সভাপতি নিখিল দাস জানান, এই শীতলা ও কালী মন্দিরটি পতিহার রাস্তার পাশে অবস্থিত। মন্দিরের আশেপাশে কোন বাড়িঘর নেই। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা শীতলা ও কালী মন্দিরটির লোহার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মন্দিরে থাকা স্টীলের ট্রাঙ্ক ভেঙ্গে সেখানে থাকা নগদ টাকা, ১০ কেজি ওজনের পিতলের ঘন্টা, পূজার উপকরণ, কাঁসা, পিতলের কলসি, থালা, ঝুড়ি, বোল, গ্লাস, পাঁজাল, প্রদীপ ও দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মন্দিরে চুরির ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
