কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে জনসচেতনতা বাড়াতে টাঙ্গাইলের কালিহাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক-পরিদর্শীকা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
ইউএনও ফারজানা আক্তার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
