একজনকে আটকের পর মিলল গোডাউনের সন্ধান: বিদেশি মদসহ গ্রেপ্তার- ২

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে পৌরসভার পুরাতন হাসপাতাল রোড ও পশ্চিমবাজার খেয়াঘাট রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, প্রথমে পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে থেকে বিজয় মোদককে আটক করা হয়। তার কাছ থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবাজার খেয়াঘাট রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে আরও ৩৯ বোতল বিদেশি মদসহ গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ROYAL GRAIN WHISKY, ROYAL STAG WHISKY I MAGIC MOMENTS GRAIN VODKA। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য।