পাবনা মহিলা আলিম মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উদযাপন

খালেদ আহমেদ :
পাবনা হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মাদ্রাসার মাহি মুক্তার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম থেকে ওফাত পর্যন্ত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ কাজী লুৎফর রহমান আল-ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মহিমা বিশ্বাস মাহী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম এবং সমাজসেবক রুমা ইসলাম।
বিশেষ অতিথি আলহাজ্ব নুরুল ইসলাম মাদ্রাসার নিয়ম-শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীদের আচরণসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের ফান্ডে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক নাসিমা খাতুন ও এবতেদায়ী প্রধান আব্দুল আজিজ।
এ সময় মাদ্রাসার সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ তিন শতাধিক শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মওলভী বকুল হোসেন। পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন সহকারী শিক্ষক সৈয়দ মুক্তার হোসেন।
আমন্ত্রিত অতিথিদের উপহারসহ কুরআন তিলাওয়াত, গজল, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতাসহ ১১টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দোয়ার মধ্য দিয়ে। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল গাফফার খান।