বেড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

​ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ এবং শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় পাবনার বেড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
​আজ ৩১ আগস্ট (সোমবার ) সকাল ১০:০০ ঘটিকায় বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুরে‌ন মায়িশা খান।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, জীবন ও আদর্শ তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী পর্বের আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।

সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী, আজ ৩১ আগস্ট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মূল প্রতিযোগিতা আগামী ০২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার বিকাশ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
​প্রতিযোগিতার বিষয় ও বিভাগসমূহ:
প্রতিযোগিতাটি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপে বিভক্ত করে আয়োজিত হচ্ছে:
​প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন:
​গ্রুপ-ক (১ম ও ২য় শ্রেণি): নজরুল সংগীত (যে কোনো), কবিতা আবৃত্তি (‘ভোর হলো দোর খোলো’), চিত্রাঙ্কন (বিভিন্ন বয়সে ও বিভিন্ন রূপে নজরুল), ৫ মিনিটের একক অভিনয় (নজরুলের গল্প/নাটকভিত্তিক) এবং নজরুল সংগীতভিত্তিক একক নৃত্য।
​গ্রুপ-খ (৩য়-৫ম শ্রেণি): নজরুল সংগীত, কবিতা আবৃত্তি (‘খুকী ও কাঠবিড়ালী’, ‘মোরা সেব’, ‘লিচু চোর’), চিত্রাঙ্কন, ৫ মিনিটের একক অভিনয় এবং একক নৃত্য।
​জুনিয়র ও মাধ্যমিক বিদ্যালয়: ​গ্রুপ-ক (৬ষ্ঠ-৮ম শ্রেণি): নজরুল সংগীত, কবিতা আবৃত্তি (‘কাণ্ডারী হুঁশিয়ার’), চিত্রাঙ্কন, ৫ মিনিটের একক অভিনয় এবং একক নৃত্য।
​গ্রুপ-খ (৯ম-১০ম শ্রেণি): নজরুল সংগীত, কবিতা আবৃত্তি (‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘ওমর ফারুক’), চিত্রাঙ্কন, ৫ মিনিটের একক অভিনয় এবং একক নৃত্য।
​শিক্ষার্থীদের জাতীয় কবির সমৃদ্ধ সৃষ্টিশীল কর্মের সাথে পরিচয় করিয়ে দিতে এই দেশব্যাপী উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।