ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি উপজেলা) আসনের আসন্ন উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি থেকে প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনকে নির্বাচন করার দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম দেলাওয়ার হোসেনকে জামায়াতের পক্ষে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হলো নির্বাচন। জামায়াতে ইসলামী যেহেতু দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাই আমরা সকল প্রকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্র থেকে ১১ দলের যৌথ সিদ্ধান্তে ঠাকুরগাঁওয়ের সুসন্তান ও মজলুম ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে প্রার্থী করা হয়েছে।” নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাঁদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের পরিচালনায় এতে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের তৎকালীন ও সাবেক বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ ও শপথ নেওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। দেলাওয়ার হোসেন গত জাতীয় নির্বাচনেও জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খুব শীঘ্রই আসনটিতে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।