বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ অভিযান: নাটোরের সিংড়ার শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছ বিতরণ

নাটোর প্রতিনিধি:
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে নাটোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ⁠।রোববার (১৬ আগস্ট) নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় এ আয়োজন অনুষ্ঠিত হয়।কর্মসূচির আওতায় বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে ৩০০টি বনজ, ফলদ, ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। বিদ্যালয় প্রাঙ্গনে একটি গাছ রোপণ শেষে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু ও প্রকৃতির প্রাণশক্তি। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য আগামী প্রজন্ম গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের ও আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের একটি পরিকল্পনা রয়েছে। তবে আমরা তা শুধু সংখ্যায় সীমাবদ্ধ রাখতে চাই না। বৃক্ষরোপনের একটি গনজোয়ার সৃষ্টি করতে চাই। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু শহর নয়, প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম।অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানদেরও এভাবে এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আজ বিদ্যালয় প্রাঙ্গণে এবং নিজেদের বাড়িতে এই চারাগুলো রোপণ ও যতœ নেওয়ার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বড় করে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাশেদুল ইসলাম রাশেদ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার গোলাম রাব্বানী, লালোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, বসুন্ধরা শুভসংঘ সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা মো. এমরান আলী রানা, লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম প্রমুখ