পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

বিভিন্ন অভিযানে গত এক বছরে বিপুল পরিমাণ মাদকসহ ৩ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে পাকশী রেলওয়ে জেলা পুলিশ। এসব ঘটনায় ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদীর পাকশীতে অবস্থিত পাকশী জেলা পুলিশের কন্ট্রোল রুম মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মেহেদী হাসান এসব তথ্য জানান। সভায় রেলওয়ে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪১ কেজি গাঁজা, ৪ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ১২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল), ৪০২ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ৬৪০ বোতল কোডিনযুক্ত এসকাফ, ১৫০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশীয় মদ, ৩০ বোতল কোডিন ফসফেট এবং ৩০ বোতল কোডিনযুক্ত এমকে ড্রিল।

পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ২০২৫ সালের ২০ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত পাকশী রেলওয়ে জেলার বিভিন্ন স্টেশন এলাকা এবং আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৩ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

তিনি বলেন, মাদকদ্রব্য জব্দের ঘটনায় এবং মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৭৩টি মামলা ও ১২টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, যশোর এলাকা থেকে ফেনসিডিল এবং দিনাজপুর এলাকা থেকে হেরোইন রেলপথে বেশি আসছে। এসব মাদকের সরবরাহ বন্ধে রেলওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আগে যেমন ছিল, এখন তার চেয়েও জোরদার করা হয়েছে। জনবল সংকটের মধ্যেও রেলওয়ে পুলিশের সদস্য ও কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। রেল এলাকা থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, বর্তমান ডিজিটাল সময়ে তথ্য গোপন করার কোনো সুযোগ নেই। তথ্য আদান-প্রদানের মাধ্যমে রেলওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে চান তারা। এ জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় পাকশী রেলওয়ে জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহাতাব আলী, রুহুল আমিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ে জেলা পুলিশের আওতায় রাজশাহী, সান্তাহার, সিরাজগঞ্জ ও ঈশ্বরদী রেলওয়ে থানা রয়েছে। এ জেলার অধীনে চারটি পুলিশ ফাঁড়ি হলো—বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, আমনূরা ও সিরাজগঞ্জ বাজার। এ ছাড়া পাবনায় আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে বলে পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।