বগুড়ায় ফ্লাইওভারে দুই ট্রাকের সংঘর্ষে নিহত – ৩

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :বগুড়ায় ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ইঞ্জিনমিস্ত্রি তাপস সরকার ও তাঁর ছেলে তীব্র সরকার। অন্যজন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনের ভেতর কয়েকজন আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ, আনসার, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।