যে উপজেলায় ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা, আজ সেখানেই তিনি ইউএনও!

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘটে গেছে এক বিরল ও অনুপ্রেরণাদায়ক প্রশাসনিক ঘটনা। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সাধারণ পদে কর্মরত ছিলেন, মেধা ও কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে আজ তিনি একই উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আলোচিত এই কর্মকর্তার নাম গোলাম রব্বানী সরদার। গত ২৭ জুলাই তিনি রাণীশংকৈল উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন এবং ৩০ জুলাই উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। একই উপজেলায় মাঠপর্যায়ের কর্মকর্তা থেকে আজ উপজেলার শীর্ষ নির্বাহী হওয়ার এই ঘটনা পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৭ সালের ৩০ নভেম্বর গোলাম রব্বানী সরদার প্রথম রাণীশংকৈল উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাদিরহাট ক্লাস্টারের দায়িত্ব সামলান এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

তবে সাধারণ চাকরিজীবী হলেও তাঁর লক্ষ্য ছিল আরও উঁচুতে। দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। অদম্য ইচ্ছা শক্তি আর অধ্যাবসায়ের জোরে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে প্রবেশ করেন।

সম্প্রতি রাণীশংকৈল উপজেলার বিদায়ী ইউএনও খাদিজা বেগম গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেলে, শূন্য পদে গোলাম রব্বানী সরদারকে নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

প্রশাসনিক ইতিহাসে এমন ঘটনাকে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা। তারা জানান, এই অর্জন প্রমাণ করে যে সততা, প্রবল ইচ্ছা শক্তি এবং সঠিক সাধনা থাকলে যেকোনো প্রতিকূলতা ডিঙিয়ে স্বপ্নের চূড়ায় পৌঁছানো সম্ভব।

নিজের অনুভূতি প্রকাশ করে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষকতা ছেড়ে বিসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করেছিলাম। আজ আমার পরিচয় আমি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান সরকারের সব ধরনের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ মাঠপর্যায়ে বাস্তবায়নে আমি সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।