কালিহাতীতে ১১ মামলার আসামি শান্ত গ্রেপ্তার

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতাসহ ১১ মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি ৩। তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) টাঙ্গাইল জেলা সদরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা আরিফুর রহমান শান্তকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ২০২৫ সালের ১২ নভেম্বর দিবাগত রাতে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌর এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় শান্তর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলার এজাহার অনুযায়ী, তার নির্দেশনা ও সহযোগিতায় তার অনুসারীরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ও লাকড়ি ফেলে এবং যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ ঘটনায় কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আরিফুর রহমান শান্ত আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, র‌্যাবের মাধ্যমে আটককৃত আরিফুর রহমান শান্তকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।