হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৮ এর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মোছা. মমতাজ আলো। তিনি বলেন, কৃষিনির্ভর এই জেলার টেকসই উন্নয়নের জন্য নদীভাঙন প্রতিরোধ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই জরুরি ভিত্তিতে নদী সংরক্ষণ, স্থায়ী বাঁধ নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হবে।
বুধবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম, মো. মোজাহারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল প্রামানিকসহ উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মমতাজ আলো বলেন, গাইবান্ধার মানুষের ভাগ্যোন্নয়ন ও জেলার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই আমি কাজ করছি। ইতোমধ্যে জেলার চারটি নদীভাঙনপ্রবণ উপজেলা পরিদর্শন করেছি। সরেজমিনে মানুষের দুর্ভোগ দেখে উপলব্ধি করেছি, স্থায়ী নদীভাঙন প্রতিরোধ ছাড়া এই অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, গাইবান্ধা জেলা উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবেই অবহেলিত থাকবে না। মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ জেলার সাত উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করবে না।
মতবিনিময় সভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি সহায়তা কার্যক্রম প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের আগে যারা এসব কর্মসূচি নিয়ে নানা ধরনের কটাক্ষ করেছিল, এখন তারাই সুবিধাভোগীদের তালিকায় স্থান পাওয়ার চেষ্টা করছে। তাই ফ্যামিলি কার্ডসহ সরকারি সহায়তা কর্মসূচি শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে নিম ও আমগাছের চারা রোপণ করেন এমপি মমতাজ আলো। পরে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।
মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
