শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মূল্যের ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত ৫ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য বিজিবির সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।

বিজিবি জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানায় সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।