চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা, সাভারে তিনজন গ্রেপ্তার

কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধ :সাভারে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (রাত) আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন বাসচালক মো. ইমরান (৩৫), তার সহকারী মো. মুসফেকুর রহমান (২০) এবং চালকের পরিচিত মো. সুমন প্রামাণিক (৩০)।

পুলিশ জানায়, রাত দেড়টার দিকে ভুক্তভোগী নারী গাবতলী বাসস্ট্যান্ড থেকে নবীনগরগামী একটি সাভার পরিবহনের বাসে ওঠেন। পথে নবীনগরের আগে বাসচালক ইমরান নারীর সঙ্গে থাকা এক ব্যক্তিকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে বাস থেকে নামিয়ে দেন। এরপর তিনি বাস চালানোর দায়িত্ব সহকারী মুসফেকুর রহমানের কাছে দিয়ে নিজেও নেমে যান।

অভিযোগ রয়েছে, এরপর বাসে থাকা মুসফেকুর রহমান ও সুমন প্রামাণিক মিলে চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন।

এদিকে বাস থেকে নামিয়ে দেওয়া ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে আশুলিয়া থানা-পুলিশ দ্রুত অভিযান চালায়। বাড়ইপাড়া এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাসটি থামিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে আটক করা হয় এবং পরে বাসচালককেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।