মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশের ব্যানারে বিদ্যালয়ের নাম ভুলভাবে উপস্থাপন করায় অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত সোমবার (২০ জুলাই) উক্ত অনুষ্ঠানের ব্যানারে বড় অক্ষরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ লেখা থাকলেও নিচে আয়োজক হিসেবে লেখা হয়েছে চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয় চাটমোহর, পাবনা”। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঠিক নাম চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
অভিভাবক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তি মিলিয়ে সহস্রাধিক উপস্থিতির ব্যানারে এমন ভুল তাৎক্ষনিক চোখে পরেনি কারও। স্থানীয়দের অভিযোগ, অন্তত শিক্ষক অথবা বিদ্যালয় সংশ্লিষ্টদের নজরে আসতে পারতো বিষয়টি। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে অভিভাবকদের এক অংশের অভিযোগ একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অনুষ্ঠানের ব্যানারেই যদি প্রতিষ্ঠানের নাম ভুল লেখা হয়, তাহলে তা দায়িত্বশীলতার ঘাটতির পরিচয় বহন করে। এমন একটি ভুল সহজেই এড়ানো সম্ভব ছিল বলে অনেকের মত।
এ বিষয়ে উপস্থিত কয়েকজন অভিভাবক বলেন, ব্যানার প্রকাশের আগে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকা উচিত ছিল। কারণ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় বহনকারী ব্যানারে নামের ভুল প্রতিষ্ঠানটির ভাবমূর্তির ওপরও প্রভাব ফেলতে পারে।
