টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায়ে ওই দণ্ড ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ এবং দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের সোহরাব হোসেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুর উপজেলার খাড়াবাড়ী গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান ওই মামলায় নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

অন্যদিকে, স্পেশাল জজ আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেন স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা। এ মামলায় সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর জেলা ও দায়রা জজ আদালত এবং স্পেশাল জজ আদালত পৃথক দুটি মামলার রায়ে ওই দণ্ড ঘোষণা করেন।