জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীতে পাম্পে পাম্পে ভিড়

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ মাইক্রোবাস চালকদের তেল নিতে দীর্ঘ সারি দেখা যায়। অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে গাড়ির ট্যাংকি পূর্ণ করার পাশাপাশি অতিরিক্ত জারকিন বা বোতলেও তেল সংগ্রহ করতে দেখা গেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ সারি দেখা যায়। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাইক,প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর একের পর এক গাড়ি বিভিন্ন পাম্পে গিয়ে ভিড় জমাতে শুরু করে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি চাপ পড়ে ফিলিং স্টেশনগুলোতে।ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে। তবে এটি মূলত গুঞ্জনের কারণে সৃষ্টি হওয়া অতিরিক্ত চাহিদা। সরবরাহ স্বাভাবিক থাকলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। গুজব ছড়িয়ে পড়ায় অনেক চালক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে ভিড় করছেন বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এসময় দীর্ঘ অপেক্ষার কারণে কিছু গ্রাহককে বিক্রয়কর্মীদের সঙ্গে বাগবিত-ায় জড়াতেও দেখা যায়। এবিষয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি জানিয়েছেন, তেলের কোনও ঘাটতি নেই। তবে আতঙ্কিত হয়ে গ্রাহকরা অতিরিক্ত জ্বালানি মজুত করার চেষ্টা করায় বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে।রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে তেল কেনা বা মজুত না করেন। পরিস্থিতি জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।#