হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে হাঁটুপানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠ সংস্কার ও সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত বিদ্যালয়টি ২০০৭ সালে স্থানীয় শিক্ষানুরাগী চাঁদ মিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১৩০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং পাঠদান করছেন পাঁচজন শিক্ষক। শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে সরকারিভাবে দ্বিতল ভবন নির্মাণ করা হলেও বিদ্যালয়ের মাঠ ও বাইরের পরিবেশ এখনো অবহেলিত অবস্থায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, খেলাধুলা ও স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। ছোট ছোট শিক্ষার্থীদের কাদা ও পানি পেরিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণও হয়ে ওঠে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন্নাহার বলেন, মাঠ ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নানা প্রতিকূলতার মধ্যেও পাঠদান চালিয়ে যেতে হচ্ছে।
স্থানীয় অভিভাবক আরিফ, নুরুজ্জামানসহ একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ের বাইরের পরিবেশ অত্যন্ত নাজুক। বিশেষ করে বর্ষার সময় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। তারা দ্রুত মাঠ সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আগামীতে এ খাতে বরাদ্দ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
