কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজারে অবস্থিত আরিফ বেকারিতে অগ্রিম মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং অননুমোদিত কেমিক্যাল ও রং ব্যবহার করে কেক ও রুটি তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করা হয়।
জানা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে কেক ও রুটি তৈরি করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে অগ্রিম মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রং মিশিয়ে খাদ্যসামগ্রী উৎপাদন করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
